সবজির আড়ালে গাঁজা চাষ, বৃদ্ধ আটক

লক্ষ্মীপুরের রায়পুরে গাঁজা চাষ করায় জয়নাল আবেদিন (৬০) নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। সবজি চাষের আড়ালে তিনি ছোট ছোট গাঁজার চারা রোপণ করেন। তার কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা ও ৬-১৮ ইঞ্চি উচ্চতার ১৮টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
বুধবার (১ এপ্রিল) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়নাল রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া এলাকার আজগর আলী বেপারী বাড়ির মৃত ওজি উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, রাখালিয়া বাজার মসজিদ এলাকায় একটি পুকুর পাড়ে সবজি গাছের সঙ্গে কয়েকটি গাজার গাছ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানা পুলিশের মোবাইল টিম ঘটনাস্থল গিয়ে ১৮টি গাঁজা গাছ জব্দ করে। পরে স্থানীয় লোকদের তথ্যের ভিত্তিতে বাজারের সুইপার জয়নালকে গাঁজা চাষের অপরাধে আটক করা হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদ করলে তার তথ্য অনুযায়ী স্টোর রুম তল্লাশি করে ৫৫ পুরিয়া গাঁজা (১০০ গ্রাম) ও পৃথক সাদা পলিথিন মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানায়, জয়নাল রাখালিয়া বাজার জামে মসজিদের সুইপার হিসেবে কাজ করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে ব্যবহৃত মালামাল রাখার জন্য তাকে ছোট্ট একটি স্টোররুম প্রদান করা হয়েছে। স্টোর রুমের পাশে একটি পরিত্যক্ত জায়গায় বিভিন্ন ধরনের সবজি চাষের আড়ালে তিনি গাঁজার চারাগুলো রোপণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, জিজ্ঞাসাবাদে জয়নাল জানিয়েছে তিনি গাঁজার চারা রোপণের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে গাঁজা এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।