logo

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের গ্রামের বাড়িতে চলছে মাতম।

শনিবার (২৫ এপ্রিল) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে দেখা যায়, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

নিহত লিমন ওই এলাকার জহুরুল হকের ছেলে। বর্তমানে পরিবারটি রাজধানীর বসুন্ধরা এলাকায় বসবাস করছে।

স্বজনরা জানান, ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে নিখোঁজ ছিলেন লিমন ও তার বন্ধু নাহিদা সুলতানা বৃষ্টি। তারা খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে এক বছর আগে উচ্চশিক্ষার জন্য ফ্লোরিডায় যান। সেখানে লিমন পিএইচডি করছিলেন। গত শুক্রবার স্থানীয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচি আকলিমা আক্তার এশিয়া পোস্টকে বলেন, দুই ভাইয়ের মধ্যে লিমন বড় ছিল। ছোট বেলা থেকেই খুব মেধাবী। তার স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। দেশে ফিরে বিয়ের কথাও চলছিল।

নিহতের চাচা জিয়াউর হক বলেন, আমার ভাতিজা ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছে। মাঝে-মধ্যে এলাকায় বেড়াতে আসত।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, বিষয়টি আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। যেহেতু তার বাড়ি মাদারগঞ্জে, স্বজনদের সঙ্গে দেখা করার পাশাপাশি তাদের কথা শুনব।