logo

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে পুলিশ আহতের ঘটনায় মামলা

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে পুলিশ আহতের ঘটনায় মামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলা কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও এক হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং রাত পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জেরে শনিবার সকাল থেকে আবারও দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের হামলায় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এতে ওসি এস এম আরিফুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া দুপক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।

ওসি এস এম আরিফুর রহমান জানান, সংঘর্ষে ওসিসহ চার পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় শনিবার রাতে উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযানে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুপক্ষের সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।