logo
Advertisement

২ বছরের কাজ শেষ হয়নি ৮ বছরেও

এশিয়া পোস্ট নিউজ, বরগুনা
২ বছরের কাজ শেষ হয়নি ৮ বছরেও
টাউন হল পৌর অডিটোরিয়াম। ছবি: এশিয়া পোস্ট

বরগুনার ঐতিহ্যবাহী টাউন হল পৌর অডিটোরিয়ামের নির্মাণকাজ দুই বছরে শেষ হওয়ার কথা থাকলেও আট বছরেও তা সম্পন্ন হয়নি। বর্তমানে অডিটোরিয়ামটির নির্মাণকাজ পুরোপুরি বন্ধ রয়েছে। কবে নাগাদ এই কাজ শেষ হবে, তা জানাতে পারছে না পৌর কর্তৃপক্ষও। দীর্ঘদিন ধরে সংস্কৃতিচর্চার উপযুক্ত স্থান না থাকায় স্থবির হয়ে পড়েছে জেলার সাংস্কৃতিক অঙ্গন। এতে শিশু-কিশোরদের একটি অংশ মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা।

Advertisement

স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় বরগুনার সাংস্কৃতিক অঙ্গনের প্রাণকেন্দ্র ছিল টাউন হল পৌর অডিটোরিয়াম। এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ছিল। নিয়মিত নাটক, গান ও আবৃত্তিসহ নানা আয়োজনে সরগরম থাকত পুরো এলাকা। এই মঞ্চ থেকেই উঠে এসেছেন জেলার অনেক সাংস্কৃতিক কর্মী, যারা বর্তমানে জাতীয় পর্যায়ে কাজ করছেন।

তবে পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে নতুন অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ নেয় বরগুনা পৌরসভা। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে ২০১৮ সালে ৫০০ আসনবিশিষ্ট একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের কাজ শুরু হয়। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এএসি অ্যান্ড এনটি জেভি’। চুক্তি অনুযায়ী ২০২০ সালের ২৭ মার্চের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পর আরও ছয় বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। ৭ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন অডিটোরিয়ামটির বিপরীতে এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৪ কোটি ৭৯ লাখ ৯৯ হাজার টাকা বিল পরিশোধ করা হয়েছে।

সাংস্কৃতিক কর্মীরা বলছেন, দীর্ঘদিন উপযুক্ত মঞ্চ না থাকায় নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাচ্ছে না। ফলে একসময় প্রাণবন্ত থাকা জেলার সাংস্কৃতিক অঙ্গন এখন অনেকটাই স্থবির। একই সঙ্গে শিশু-কিশোরদের অবসর সময় সৃজনশীল কাজে ব্যয় করার সুযোগ কমে যাওয়ায়, তাদের একটি অংশ মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

বরগুনা খেলাঘরের সাধারণ সম্পাদক মুশফিক আরিফ বলেন, বরগুনার সাংস্কৃতিক অঙ্গন একসময় স্বর্ণালী সময় পার করেছে। জেলার একমাত্র বড় সংস্কৃতিচর্চাকেন্দ্র টাউন হল পৌর অডিটোরিয়াম প্রায় ১৫-১৬ বছর আগে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এরপর আধুনিক অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও আট বছরেও কাজ শেষ হয়নি। কবে কাজ শেষ হবে, সেটিও কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারছে না। ফলে চর্চার জায়গার অভাবে পুরো সাংস্কৃতিক অঙ্গন স্থবির হয়ে পড়েছে।

দুর্বার সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. খান নাঈম বলেন, বরগুনার সাংস্কৃতিক অঙ্গন এখন ধ্বংসের মুখে। জায়গার অভাবে মঞ্চনাটকসহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত করা যাচ্ছে না। আগে পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোররা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকত। এতে তারা মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকত। এখন সংস্কৃতিচর্চার সুযোগ কমে যাওয়ায় শিশু-কিশোরদের একটি অংশ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে অডিটোরিয়ামের নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ শেষ করার জন্য একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু তারা কাজ এগিয়ে নিতে আগ্রহ দেখাচ্ছে না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন অনেকটাই গা-ঢাকা দিয়েছেন। কাজটি কীভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হবে।

তবে পৌর কর্তৃপক্ষের এ বক্তব্য অস্বীকার করেছেন ঠিকাদার মো. আবুল হোসেন খান। তার অভিযোগ, অডিটোরিয়াম নির্মাণের জন্য বরাদ্দ করা অর্থ পৌর কর্তৃপক্ষ অন্য প্রকল্পে ব্যয় করেছে। ফলে কাজ শেষ করলেও বিল পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বরাদ্দের অর্থ ও বিল পরিশোধের নিশ্চয়তা দেওয়া হলে তিনি আবারও অডিটোরিয়ামের বাকি নির্মাণকাজ শুরু ও শেষ করবেন।

বরগুনা পৌরসভার প্রশাসক সজল চন্দ্র শীল বলেন, নির্মাণকাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। এ কারণে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :