logo
Advertisement

পঞ্চগড়ে হঠাৎ ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,পঞ্চগড়
পঞ্চগড়ে হঠাৎ ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি
শরতের শুরুতেই হঠাৎ ঘন কুয়াশায় পঞ্চগড়ে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। ছবি : এশিয়া পোস্ট

শরতের শুরুতেই হঠাৎ ঘন কুয়াশায় ঢেকে গেছে পঞ্চগড়ের পথঘাট। এতে কমে যায় যানবাহনের গতি। অনেক চালককে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত জেলার গ্রাম থেকে শহরের সড়কগুলো কুয়াশায় আচ্ছন্ন ছিল।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা বলছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পরিবর্তনের সঙ্গে মেঘের অবস্থানের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে কুয়াশার কারণে কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে কুয়াশা কাটতে শুরু করে এবং পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

ঘন কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়। ছবি : এশিয়া পোস্ট
ঘন কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়। ছবি : এশিয়া পোস্ট

পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা কান্তমনি এলাকার বাসিন্দা আইবুল ইসলাম বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখেন চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরের কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এর আগে এমন ঘন কুয়াশা দেখেননি তিনি।

সকাল সাড়ে ৬টা পর্যন্ত পঞ্চগড়ের সড়কগুলো কুয়াশায় আচ্ছন্ন ছিল। ছবি : এশিয়া পোস্ট
সকাল সাড়ে ৬টা পর্যন্ত পঞ্চগড়ের সড়কগুলো কুয়াশায় আচ্ছন্ন ছিল। ছবি : এশিয়া পোস্ট

জেলা শহরের ইজিবাইক চালক আজিজুল ইসলাম বলেন, সকালে গাড়ি নিয়ে বের হয়ে কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েও সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। এ কারণে তাঁকে ধীরে গাড়ি চালাতে হয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এশিয়া পোস্টকে বলেন, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় সেখানে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ার এমন পরিবর্তন দেখা যাচ্ছে। এর সঙ্গে আকাশে দীর্ঘ সময় মেঘের অবস্থান এবং হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়াও কুয়াশা তৈরিতে ভূমিকা রাখছে।

বিষয় :