Advertisement

মাদকসেবনে বাধা দেওয়ায় পাটের গোডাউন অফিসে আগুন

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
মাদকসেবনে বাধা দেওয়ায় পাটের গোডাউন অফিসে আগুন
আগুনে পুড়ে যাওয়া পাট গোডাউনের অফিস। ছবি : এশিয়া পোস্ট

মাদারীপুরে মাদকসেবনে বাধা দেওয়া নিয়ে একটি পাটের গোডাউনের অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

রোববার (৭ জুন) মধ্যরাতে মাদারীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরমুগরিয়া বন্দরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরমুগরিয়া বন্দরে দীর্ঘদিন ধরে পাটের ব্যবসা পরিচালনা করে আসছেন স্থানীয় বাসিন্দা লস্কর মোশতাক আহমেদ। তার পাটের গোডাউনের ভেতরে কিছুদিন ধরে এলাকার কয়েকজন যুবক প্রবেশ করে মাদকসেবন করত বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে মালিকপক্ষের লোকজন বাধা দিলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জেরে রোববার গভীর রাতে দুর্বৃত্তরা গোডাউনের অফিসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অফিসের ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লস্কর মোশতাক আহমেদ বলেন, মাদকসেবনে বাধা দেওয়ার কারণেই আমার পাটের গোডাউনের অফিসে আগুন দেওয়া হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।