logo

ট্রাক্টরের ধাক্কায় অটোচালকসহ নিহত ২ 

ট্রাক্টরের ধাক্কায় অটোচালকসহ নিহত ২ 

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশাচালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। 

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে অটোরিকশাচালক নুর আমিন (৪১) ও কুড়িগ্রাম সদরের সবুজপাড়া গ্রামের মৃত অনিল কুমার সরকারের ছেলে যাত্রী অসিত কুমার সরকার নারু (৬০)। আহত শিউলি বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত রুহুল আমিন ও তকি আহম্মেদ উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নুর আমিনের মৃত্যু হয় এবং অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিউলি বেগম ও অসিত কুমার সরকারের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে অসিত কুমার সরকার মারা যান।

এ বিষয়ে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।