এনসিপি প্রার্থীর ভাইসহ ৫ জনকে পিটিয়ে আহত

কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদের ছোট ভাই আশিকুর রহমানসহ পাঁচজনকে গাড়ি থামিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলা শহরের পলাশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ১১ দলীয় জোট প্রার্থী আতিকুর রহমানের ছোট ভাই আশিকুর রহমান (২৬), নুর আমিন (২৬), জিহাদ (৩০) সৃষ্টিসহ (১৮) একজনের নাম জানা যায়নি ।
আহতদের প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এনসিপির জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহিদ জানান, প্রার্থী নির্বাচনি গাড়িতে পলাশবাড়ী এলাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।
এ সময় হাসপাতালে আহতদের দেখতে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ১১ দলীয় জোট প্রার্থী ড. আতিকুর রহমান জানান, আমার নির্বাচনি গাড়িতে বাড়ি ফেরার সময় আমাকে মনে করে আমার ছোট ভাইসহ পাঁচজনকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে আহত করেছে। ছাত্রদলের নেতৃত্বে ৩০-৩৫ জন এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় থানায় মামলা করার কথাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবি জানান শাপলা কলি প্রতীকের এই প্রার্থী।