logo
Advertisement

কুমিল্লা ছোট ভাইকে পিটিয়ে হত্যা করল বড় ভাই

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
কুমিল্লা ছোট ভাইকে পিটিয়ে হত্যা করল বড় ভাই
নিহত জাকির হোসেন। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার বুড়িচংয়ে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই জাকির হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই মো. শাকিল (৩২) ও তার সহযোগীদের বিরুদ্ধে।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মোকাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাকিয়ারচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুরঞ্জিত বড়ুয়া।

নিহত জাকির হোসেন একই এলাকার আইছুর আলীর ছেলে। অভিযুক্ত বড় ভাই মো. শাকিলও একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, পারিবারিক নানা বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই তীব্র বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে সেই বিরোধের জেরে প্রথমে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জাকিরকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর আহত অবস্থায় অচেতন হয়ে পড়েন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।

ঘটনার পর দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাকিরের মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর তা ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, জাকিরের মাথার পেছনে ভোঁতা কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন, দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাত এবং কপালের মাঝ বরাবর একাধিক কাটা জখমের আলামত পাওয়া গেছে। তবে এসব আঘাতের সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহত জাকির মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে কিছু তথ্য এসেছে। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার একাধিকবার বিবাদের ঘটনাও ঘটেছে। ঘটনার দিন মাদক ব্যবসার টাকা-পয়সা কেন্দ্রিক কোনো কোন্দল ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুরঞ্জিত বড়ুয়া জানান, ঘটনাটি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :