কুরিয়ারে আনা ১৬ হাজার নেশাজাতীয় ট্যাবলেটসহ দুজন আটক

রংপুর মহানগরীতে অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনা ১৬ হাজার পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে নগরীর আরকে রোড এলাকার আইডিয়াল মোড়ে অবস্থিত ‘স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস’ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— শরীফ ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক এবং পপুলার ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি সাগর।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি বড় চালানের মাদক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রংপুরে আনা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি চৌকস দল আইডিয়াল মোড়ের স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস কার্যালয়ের ওপর কড়া নজরদারি শুরু করে। দীর্ঘ সময় ওত পেতে থাকার পর রাত সাড়ে ৮টার দিকে পার্সেলটি খালাস করার সময় অভিযান চালায় ডিএনসি। এসময় একটি পার্সেল থেকে ১৬ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই ওই দুই ফার্মাসিউটিক্যালস কর্মীকে আটক করা হয়।
এ বিষয়ে রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে আমরা বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছি। ওষুধের আড়ালে অভিনব কৌশলে যারা এ ধরনের অবৈধ মাদকের ব্যবসা চালাচ্ছে, তাদের আইনের আওতায় আনতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএনসি। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




