১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে বললেন বিএনপি প্রার্থী

দলের নেতাকর্মীদের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনি কার্যালয় উদ্বোধনের সময় চাঁদাবাজি চলছে উল্লেখ করে তিনি এই আহ্বান জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ৫৫ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গণে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, ‘চাতুরী আনোয়ারার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল। এর আগে আরেকটা অফিস উদ্বোধনের সময়ও আমি বলেছি এখানে বিশালভাবে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। আমি অনুরোধ করছি, আপনারা যারা চাঁদাবাজি করছেন, দুই হাতজোড় করে বলছি, ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।’
সবশেষে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে বলতে শোনা যায়, বিএনপির গায়ে কালিমা লেপনের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে জানতে সরওয়ার জামাল নিজামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।