বিএনপি ছাড়া কোথাও নিরাপদ থাকবেন না, সনাতন ধর্মাবলম্বীদের বিমানমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিএনপি ছাড়া আপনারা কোথাও নিরাপদ থাকবেন না, এটা নিশ্চিত থাকেন। কারণ জামায়াত আপনাদের নিরাপত্তা দেবে না।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে জামালপুরে নিজ বাসভবনে বিএনপির পক্ষ থেকে উপজেলার ২৫টি মন্দিরে নগদ অর্থসহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, পূজা উপলক্ষে আমরা ক্যামেরা লাগাচ্ছি, আপনাদের নিরাপত্তা বাহিনী দিচ্ছি, কেন? দুষ্টপ্রকৃতির জামায়াতের জন্য। তারা একটা না একটা জায়গায় ঘটনা ঘটিয়ে বিশ্বকে দেখাতে চাইবে এই সরকার সনাতন ধর্মাবলম্বীদের প্রতি অন্যায়-অবিচার করছে, নিরাপত্তা দিচ্ছে না। এগুলো করার চেষ্টা করবে। এই চেষ্টা যাতে অব্যাহত রাখতে না পারে, এ জন্য আমাদের নেতাকর্মীদের, আমাদের সব জ্যেষ্ঠ নেতাদেরকে বলে দেওয়া আছে।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির বন্ধন নষ্ট করার চেষ্টা হচ্ছে। যারা এই বন্ধন নষ্ট করতে চায়, বাংলাদেশ সরকার এবার তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর হবে। যারা নষ্ট করতে চাইবে, তাদের আইনের আওতায় এমনভাবে নেওয়া হবে, যাতে জীবনে আর কোনো দিন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কোনো রকমের অসদাচরণ করার সাহস না করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি বাবু শ্যামল চন্দ্র, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা এবং ময়মনসিংহ হিন্দু ট্রাস্টের সভাপতি বাবু স্বপন সাহা।
