logo

রাতে স্ত্রীকে আনতে বের হন সফিকুল, সকালে মহাসড়কের পাশে মিলল মরদেহ  

রাতে স্ত্রীকে আনতে বের হন সফিকুল, সকালে মহাসড়কের পাশে মিলল মরদেহ  

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে সফিকুল ইসলাম (৫২) নামে এক ওষুধ কারখানার কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে আনসার একাডেমি লেকের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

শফিকুল ইসলাম বুলবুল বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম গ্রামের নবাব আলীর ছেলে। তিনি আনসার একাডেমি তিন নম্বর গেটে এলাকায় একতা টাওয়ারের নিজ ফ্ল্যাটে বসবাস করতেন৷ তিনি সফিপুর ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে প্রডাকশন অ্যাটেনডেন্স হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করতেন৷ 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে আনসার একাডেমি লেকের পাড়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে। এদিকে সোশ্যাল মিডিয়ায় নিহতের খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ও তার সহকর্মীরা থানায় এসে পরিচয় শনাক্ত করেন। নিহতের শরীরের বাম ঊরুতে আঘাতের চিহ্ন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টায় স্ত্রীকে কারখানা থেকে আনতে বাসা থেকে বের হয়ে যায় শফিকুল। এদিকে স্ত্রী কারখানা ছুটি শেষে স্বামীকে না পেয়ে একাই বাসায় ফিরে আসেন। রাত অনেক হলেও শফিকুল বাসায় না আসলে স্ত্রী ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে লাশের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে থানায় গিয়ে মরদেহটি শনাক্ত করেন তারা। 

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক রোকনউদ্দিন খান জানান, বুধবার রাতে সাড়ে ৮টার দিকে তিনি কারখানায় ডিউটি শেষে বাড়িতে ফিরে যায়। রাতেই জানতে পারি তাকে পাওয়া যাচ্ছে না। সকালে একটি মরদেহ পাওয়া গেছে জানতে পেরে থানায় এসে তার পরিচয় শনাক্ত করি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।