নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ৪

পিরোজপুরের ভান্ডারিয়ায় নিখোঁজের তিন দিন পর মো. রাইয়ান মল্লিক (৫) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় এক সংবাদ সম্মেলনে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার (২৬ জানুয়ারি) রাত ১২টার দিকে এক প্রতিবেশীর গোয়ালঘরের খড়ের গাদার ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত রাইয়ান ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের প্রবাসী রাসেল মল্লিকের ছেলে। সে স্থানীয় পশারিবুনীয়া আফছারিয়া নূরানি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ত।
এদিকে, পরিবারের অভিযোগ প্রতিপক্ষ চাচা আব্দুল কাদের মল্লিক শিশুটিকে হত্যার পর মরদেহ খড়ের ভেতর লুকিয়ে রেখেছে। এ ঘটনায় আটককৃতরা হলেন- মো. রিয়াদ মল্লিক (১৯), মো. মিজান মল্লিক (৪২), মো. সাইদুল ইসলাম (৩৬), মোসা. পারভীন বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার শিশু রাইয়ান বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে শিশুটির মা তন্নী আক্তার ভান্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে ভান্ডারিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল অনুসন্ধান চালিয়ে প্রতিবেশীর খড়ের গাদা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী বলেন, আসামি রিয়াদ মল্লিককে শিশু রাইয়ানের কথা জিজ্ঞাসা করলে সে জানে বলে। পরে তাকে সঙ্গে নিয়ে ভান্ডারিয়ার ওই এলাকায় অভিযান চালানো হয়। রিয়াদের দেখানো মতে তাদের বসতঘরের সামনের খড়ের ভেতর বস্তাবন্দি অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।