logo

আশুলিয়ায় গোডাউনে আগুন, যানজটে আটকে ফায়ার সার্ভিস

আশুলিয়ায় গোডাউনে আগুন, যানজটে আটকে ফায়ার সার্ভিস
আশুলিয়ার জামগড়া এলাকায় জুট গোডাউনে জ্বলছে আগুন। ছবি : এশিয়া পোস্ট

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি জুট (পাট) গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন আশপাশের বাসাবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। তবে তীব্র যানজটে আটকে থাকায় জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখনো দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়সংলগ্ন জুট গোডাউনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস এখনো পৌঁছাতে পারেনি। স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে যেকোনো মুহূর্তে আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিসের গাড়ি যানজটে আটকা পড়েছে। জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত পুরো রাস্তায় তীব্র যানজট থাকায় গাড়িগুলো সময়মতো পৌঁছাতে পারছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তা ফাঁকা করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন।