logo
Advertisement

এভাবে একটি দেশ চলতে পারে না: শিবির সেক্রেটারি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ফেনী
এভাবে একটি দেশ চলতে পারে না: শিবির সেক্রেটারি
ফেনীতে ছাত্রশিবির আয়োজিত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা। ছবি : এশিয়া পোস্ট

দেশের অর্থনীতি ও কর্মসংস্থান পরিস্থিতি তুলে ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, কর্মসংস্থানের অভাবে দেশের তরুণেরা বাধ্য হয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন। সেখানেও বিভিন্ন সিন্ডিকেটের কারণে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। অন্যদিকে দেশে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। এভাবে একটি দেশ চলতে পারে না।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ফেনী শিল্পকলা একাডেমিতে জেলা ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিবগাতুল্লাহ সিবগা বলেন, বর্তমান সরকারও আগের সরকারের মতো আচরণ করছে এবং চাকরির ক্ষেত্রে বৈষম্যের অবসান এখনো হয়নি। তাঁর দাবি, মেধার ভিত্তিতে চাকরিতে প্রবেশের সুযোগের দাবিতে আবু সাঈদ ও মুগ্ধদের মতো তরুণেরা জীবন উৎসর্গ করলেও তাঁদের সেই আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি।

শিবির সেক্রেটারি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের চাকরিতে বৈষম্যবিরোধী ন্যায্য দাবি না মেনে তাদের ওপর নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল। এতে অনেক নিরীহ ছাত্র-জনতার প্রাণহানি ঘটে। পরে তাদের হত্যার বিচার ও বৈষম্যমুক্ত বাংলাদেশের দাবিতে ছাত্র-জনতা এক হয়ে আন্দোলনে নামে। কিন্তু রাজপথে ত্যাগের পরও চাকরির ক্ষেত্রে বৈষম্য দূর হয়নি বলে দাবি করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি নিয়োগব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, দেশ বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ না দিয়ে আবার গভর্নিং কমিটির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগে লিখিত পরীক্ষায় ৫০ শতাংশ এবং মৌখিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর নির্ধারণের কথা শোনা যাচ্ছে উল্লেখ করে শিবির সেক্রেটারি বলেন, এমন নিয়ম কার্যকর হলে মেধার অবমূল্যায়ন হবে এবং নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতির সুযোগ বাড়বে।

উন্নয়ন ও যোগ্য নেতৃত্বের প্রসঙ্গে মালয়েশিয়ার উদাহরণ টেনে সিবগাতুল্লাহ সিবগা বলেন, সৎ ও যোগ্য নেতৃত্বের কারণে মালয়েশিয়া আজ উন্নত দেশে পরিণত হয়েছে। বিপরীতে বাংলাদেশের জাতীয় সংসদের অনেক নির্বাচিত প্রতিনিধির বিরুদ্ধে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগ রয়েছে। সৎ, দূরদর্শী ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের বর্তমান সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা শিবিরের সেক্রেটারি আশরাফুল হক সোহেল। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভুঞা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মো. মুশফিকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।