সাগরদাঁড়িতে পাওয়া গেল মাইকেল মধুসূদনের আমলের দা

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে একটি অতি পুরোনো বড় দা (খাঁড়া অস্ত্র) উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সাগরদাঁড়ি দাশপাড়া (ঋষিপাড়া) এলাকার মৃত বাসুদেব দাশের বাড়িতে প্রাচীন এই অস্ত্রটি পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া অস্ত্রটি ২০০ থেকে ২৫০ বছরের পুরোনো। এটি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক কালের একটি সামগ্রী। এই দায়ের মাঝখানে দুই পাশে দুটি চোখ আঁকা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোখ দুটো সোনা দিয়ে তৈরি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি প্রথম এই দায়ের সন্ধান পান। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান মো. হাসানুজ্জামানের নির্দেশনায় মধুপল্লীর কম্পিউটার অপারেটর মো. হারুন অর রশিদ এবং দায়িত্বরত আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত দল মৃত বাসুদেব দাশের বাড়ি থেকে দাটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে সাগরদাঁড়ি মধুপল্লীর কাস্টোডিয়ান মো. হাসানুজ্জামান বলেন, স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাকের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিই। আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিদর্শনটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক কালের একটি ঐতিহাসিক সামগ্রী। মহাকবির স্মৃতিবিজড়িত এই প্রাচীন নিদর্শনটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। দাটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে এবং এটি দর্শনার্থীদের দেখার ও গবেষণার জন্য সাগরদাঁড়ি এম এম দত্ত বাড়ি জাদুঘরে যথাযথভাবে সংরক্ষণ করা হবে। ঐতিহাসিক এই নিদর্শনটি রক্ষায় যারা তথ্য ও সহযোগিতা দিয়েছেন, তাদের ধন্যবাদ জানাই।
এদিকে মহাকবির আমলের প্রাচীন নিদর্শন উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা ও কবিভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি হয়। প্রাচীন ও ঐতিহাসিক এই নিদর্শনটি একনজর দেখতে অনেকেই মধুপল্লী এলাকায় ভিড় জমাচ্ছেন।
.png)





