চলন্ত মাইক্রোবাসের ওপর উপড়ে পড়ল ‘শতবর্ষী’ বটগাছ

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
চলন্ত মাইক্রোবাসের ওপর উপড়ে পড়ল ‘শতবর্ষী’ বটগাছ
গাড়ির ওপর থেকে গাছ সরিয়ে নেন উদ্ধারকর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলন্ত একটি মাইক্রোবাসের ওপর শতবর্ষী একটি বটগাছ উপড়ে পড়ে চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া বাইন্যা টোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মাইক্রোবাসের চালক এবং স্থানীয় তিনজন রয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গাছটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টানা ভারী বৃষ্টির মধ্যে কক্সবাজারগামী মাইক্রোবাসের সঙ্গে টেকনাফগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাইক্রোবাসটি সড়কের পাশে একটি বিশাল বটগাছের নিচে থামে। ঠিক তখনই অতিবৃষ্টিতে নরম হয়ে যাওয়া মাটি থেকে গাছটি শিকড়সহ উপড়ে মাইক্রোবাসটির ওপর ভেঙে পড়ে।

মাইক্রোবাসটিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কয়েকজন কর্মী ছিলেন। আহতদের মধ্যে হোয়াইক্যংয়ের কানজরপাড়ার বাসিন্দা সালাহ উদ্দিন ও ইব্রাহিমের পরিচয় জানা গেলে অপর এক আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ জালাল জানান, ঘটনাটি তার বাড়ির সামনে ঘটেছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে গাছটির গোড়া দুর্বল হয়ে পড়েছিল। সঙ্গে প্রবল বাতাস থাকায় গাছটি শিকড়সহ উপড়ে গিয়ে মাইক্রোবাসের ওপর পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রামের (সিপিপি) স্বেচ্ছাসেবক এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।

স্থানীয় সিপিপি সদস্য মো. ফারুক জানান, খবর পেয়ে স্বেচ্ছাসেবকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসের ভেতরে আটকে পড়া চালককে উদ্ধার করেন। পরে গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটি পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়।