logo

হামের উপসর্গ নিয়ে চলতি বছরে চাঁপাইনবাবগঞ্জে ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে চলতি বছরে চাঁপাইনবাবগঞ্জে ৭ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে শিশুটিকে জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাম আইসোলেশন কর্নারে ভর্তি করা হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছিলেন। তবে পরিবারের আর্থিক সক্ষমতা না থাকায় তাকে স্থানান্তর করা সম্ভব হয়নি এবং এর কিছু সময় পরেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শিশুটির শরীরে উচ্চ তাপমাত্রার জ্বর ও শ্বাসকষ্টের পাশাপাশি হামের চিরাচরিত বৈশিষ্ট্য হিসেবে শরীরের বিভিন্ন অংশে দাগ বা র‌্যাশের চিহ্ন ছিল।

জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোসফিকুর রহমান জানান, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে এটি হাম কি না তা এখনই বলা যাচ্ছে না, তবে শিশুটির শরীরে হামের সব ধরনের লক্ষণ ছিল। তিনি আরও জানান, হাসপাতালে আনার পর দ্রুত চিকিৎসা শুরু করা হলেও অল্প সময়ের মধ্যেই শিশুটি মারা যায়।

এদিকে বুধবার হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে ১০৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ এপ্রিল পর্যন্ত জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৭০২ জন রোগী ভর্তি হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, এখন পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে সাতজন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।