logo
Advertisement

মাগুরায় বেশি দামে কেনা ৮০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

এশিয়া পোস্ট নিউজ,মাগুরা
মাগুরায় বেশি দামে কেনা ৮০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
বেশি দামে কেনা জব্দকৃত সার। ছবি: এশিয়া পোস্ট

মাগুরায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি সার কেনার অভিযোগে ৮০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সদর উপজেলার আলমখালী বাজারের মেসার্স আলিম এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মেহেরুন্নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবীসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, আলমখালী বাজারের মেসার্স আলিম এন্টারপ্রাইজের সাব-ডিলার আলিম চট্টগ্রামের ‘আফজাল এন্টারপ্রাইজ’ থেকে প্রতি বস্তা ডিএপি সার ২ হাজার ১০০ টাকা দরে কিনে আনেন। অথচ সরকার নির্ধারিত মূল্য প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা। সেই হিসাবে ৮০ বস্তা সার ২ হাজার ১০০ টাকা দরে কেনায় মোট মূল্য দাঁড়ায় ১ লাখ ৬৮ হাজার টাকা।

কৃষি কর্মকর্তারা জানান, বেশি দামে সার কিনে এনে তা এলাকায় আরও বেশি দামে বিক্রির পরিকল্পনা করা হয়েছিল—এমন তথ্যের ভিত্তিতেই মূলত অভিযান চালানো হয়। গোপন সংবাদ পেয়ে উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা আলমখালী বাজারে গিয়ে ওই সারের চালান জব্দ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান থেকে প্রতি বস্তা ২ হাজার ১০০ টাকা দরে ডিএপি সার আনা হয়েছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮০ বস্তা সার জব্দ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। পাশাপাশি সার বিক্রির প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

বিষয় :