Advertisement

বিএনপি কার্যালয়ে জুয়ার আসর, ১৫ জুয়াড়ি গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
বিএনপি কার্যালয়ে জুয়ার আসর, ১৫ জুয়াড়ি গ্রেপ্তার
আটক ব্যক্তিরা। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের টঙ্গীতে স্থানীয় এক ওয়ার্ড বিএনপি কার্যালয়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

Advertisement

টঙ্গীর বউবাজারের সরকারবাড়ি রোডের ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে এ বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সূত্রের দাবি, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম বেপারী নিজের বাড়িতে দলীয় কার্যালয় খুলে দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়ার আসর পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৫ জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রী দীপক (৫০), মো. শহিদ (৫৫), মো. ইমাম হোসেন (৪৩), মো. আব্দুস সালাম (৪২), মো. আব্দুর রশিদ (৬৫), মো. মোস্তফা (৩৫), মো. আবুল কাশেম (৫৩), দিলীপ সরকার (৪৭), সাধন কুমার বিশ্বাস (৪২), মো. ইলিয়াস (৫০), মো. মুকলেছ (৪৮), কাজী জামাল (৫০), মো. কবির হোসেন কাকন (৪৩), মো. জামাল হোসেন (৪৬) ও মো. কামাল শেখ (৪৬)।

পুলিশের অভিযোগ, অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়ার সময় আব্দুল হালিম বেপারীর নেতৃত্বে একদল যুবক পুলিশি কাজে বাধা দেন এবং মারমুখী আচরণ করেন। এ সময় পুলিশ বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালককে মারধর করা হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান জানান, এ ঘটনায় আব্দুল হালিম বেপারীকে প্রধান আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ১৫ জনকে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ অন্যান্য পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।