logo

শ্মশানের পাশে কাঁদছিল নবজাতক

শ্মশানের পাশে কাঁদছিল নবজাতক

রাঙামাটির রাজস্থলী উপজেলায় শ্মশানের পাশে পড়ে থাকা নবজাতককে উদ্ধার করেছেন এক পথচারী।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাগলখাইয়া নামক গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানঘাটে এই শিশুকে দেখতে পান স্থানীয় এক বাসিন্দা।

শনিবার (১৮ এপ্রিল) চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকের আহমেদ জানান, এখনও নবজাতক শিশুটির মা-বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি।

জানা গেছে, স্থানীয় বাসিন্দা প্রেমত কুমার দে শ্মশানঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় নবজাতকের কান্নার শব্দ শুনতে পেয়ে তাকে উদ্ধার করেন। পরে তিনি নবজাতককে নিজ বাড়িতে নিয়ে গিয়ে নিজের হেফাজতে রাখেন এবং স্ত্রীর অনুমতি সাপেক্ষে লালনপালনের ইচ্ছা প্রকাশ করেন।

স্থানীয় ইউপি সদস্য থুইচি মং মারমা বলেন, কে বা কারা শিশুটিকে শ্মশানে রেখে গেছে সেটা আমরা নিশ্চিত হতে পারিনি।

চন্দ্রঘোনা থানার ওসি মো. শাকের আহমেদ জানান, শিশুটি বর্তমানে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার বলেন, বিষয়টি শোনার পরে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার মাধ্যমে শিশুটিতে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি বলেন, শনিবার বিকেলে পুরো উপজেলা মাইকিং করা হয়েছে। এই শিশুটির বাবা-মা বা আত্মীয়-স্বজন দাবি করে কি না, তা জানার জন্য। রাত ৮টা পর্যন্ত কেউ দাবি নিয়ে আসেনি। কেউ নিতে চাইলে কিছু পক্রিয়া আছে। কেউ আবেদন করলে সেই সরকারি পক্রিয়া অনুযায়ী হস্তান্তর করা হবে।