চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনে আগুন

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঢাকাগামী একটি মেইল ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে রেলকর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে ট্রেনটি দেওয়ানহাট ইয়ার্ড থেকে চট্টগ্রাম রেলস্টেশনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, ঘটনার সময় ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না। ট্রেনটি ইয়ার্ড থেকে স্টেশনে যাওয়ার পথে কদমতলী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বিষয়টি রেলকর্মীদের নজরে আসে। তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে বগির মাত্র দুটি আসন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর জানান, জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি আসনে আগুন দেওয়া হলেও এক থেকে দুই মিনিটের মধ্যেই রেলওয়ের কর্মীরা তা নিভিয়ে ফেলেন। এ ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। রাত পৌনে ১২টার দিকে ট্রেনটি নির্ধারিত সময়েই ঢাকার উদ্দেশে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল ও ট্রেনটি পরিদর্শন করেছেন।
এ বিষয়ে রেলওয়ে পূর্ব জোনের (সদর) নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) মো. মোরশেদ আলম এশিয়া পোস্টকে বলেন, রাত ১১টার দিকে ঢাকাগামী মেইল ট্রেনে আগুন লাগানোর চেষ্টা করা হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগুন নেভান। এতে দুটি আসন সামান্য পুড়ে গেছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
