মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—প্রাইভেটকারের চালক সোহেল, মজিবুর রহমান (৫৫), শামীমা আক্তার (৪৫) ও সাবিহা চৌধুরী (৪৩)। তাদের মধ্যে মজিবুর রহমানের ঠিকানা ঢাকার গেন্ডারিয়া বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী নিউ বলেশ্বর নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। প্রাইভেটকারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিল। প্রাইভেটকারে থাকা চালকসহ পাঁচজনের মধ্যে চারজন নিহত এবং একজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থল থেকে প্রাইভেটকারের চালককে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

