Advertisement

সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে বৃদ্ধকে মারধরের অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, মুন্সীগঞ্জ
সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে বৃদ্ধকে মারধরের অভিযোগ
মারধরের শিকার বৃদ্ধ। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমিসংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা করার জেরে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে।

ঘটনা জানিয়ে ভুক্তভোগী আ. হান্নান শেখ লিখিত অভিযোগ দিয়েছেন বলে বৃহস্পতিবার (৩০ জুলাই) নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দুপুর ২টার দিকে স্থানীয় ফয়জুল উলুম মাদ্রাসা মসজিদে যোহরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আ. হান্নান শেখ। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল শেখের নেতৃত্বে হান্নান শেখের পথরোধ করেন মান্নান, শাহ আলম শেখ ও মাহিম। তারা হান্নান শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন।

অভিযোগে আরও বলা হয়, চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ভবিষ্যতে তিনি নিজ জমিতে গেলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় হান্নান শেখকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

অভিযুক্ত সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল শেখ বলেন, ঘটনাটি সঠিক নয়। আমি শুধু জানতে চেয়েছি কেন আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমি তাকে মারধর বা হুমকি দেইনি।

মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস আলী মোহন বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো আমার কাছে আসেনি। অভিযোগ পেলে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।