logo

৫ দাবিতে সাজেকে চতুর্থ দিনের অবরোধ, বন্ধ যান চলাচল

৫ দাবিতে সাজেকে চতুর্থ দিনের অবরোধ, বন্ধ যান চলাচল
টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। ছবি : এশিয়া পোস্ট

রাঙামাটির সাজেকে পাঁচ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ চলছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে তৃতীয় দফায় এ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা।

রোববার (২৫ অক্টোবর) সকালে সাজেকের হাজাছড়া, ১০ নম্বর গঙ্গাবাজার ও ১৪ কিলোসহ বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আন্দোলনকারীরা।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু গ্রুপ) সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ পাঁচ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, গত ২২ অক্টোবর শান্তিপূর্ণ অবরোধকারীদের ওপর হামলার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; উজো বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর ও লুটপাটের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দেওয়া; বাজার এলাকা থেকে সেনা ও পুলিশ সদস্যদের প্রত্যাহার; হামলায় আহত ব্যক্তিদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় প্রশাসনের বহন করা; সাজেক এলাকা থেকে জেএসএসের (সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও জুলুমের অভিযোগ বন্ধ করা। এ ছাড়া আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে গ্রেপ্তার, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি এবং হয়রানি বন্ধের দাবিও জানিয়েছেন তারা।

অবরোধের কারণে সাজেক সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সড়কের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবু ধন চাকমা বলেন, জেএসএসের (সন্তু লারমা) সশস্ত্র সদস্যরা এলাকায় চাঁদাবাজি ও জুলুম করছেন বলে তাদের অভিযোগ। বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি এবং আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দেওয়ার মতো ঘটনা বন্ধ না হওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সাজেক সড়কে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। দু-একটি মোটরসাইকেল চলাচল করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে। কোথাও সংঘাতের ঘটনা ঘটেনি।