গোপালগঞ্জে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানীতে দোলা পরিবহনের একটি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিবগাতী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় গুরুতর আহত হন অন্য এক যাত্রী।
সংঘর্ষের পর বাসটি মহাসড়কের পাশের জঙ্গলে ঢুকে পড়ে। এতে বাসে থাকা চার থেকে পাঁচজন যাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে কাশিয়ানী থানা ও ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার বর্তমানে ভাঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
