সৌদি আরবে সড়কে প্রাণ গেল লক্ষ্মীপুরের দুই ভাইয়ের

এশিয়া পোস্ট নিউজ
সৌদি আরবে সড়কে প্রাণ গেল লক্ষ্মীপুরের দুই ভাইয়ের
নিহত দুই ভাই সজীব ও সুজন। ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের বাসিন্দা দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গলিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের দুই ছেলে সজীব (বড়) ও সুজন (ছোট)।

পরিবার জানায়, দুই ভাই সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। বিভিন্ন বাগান থেকে খেজুর সংগ্রহ করে প্রক্রিয়াজাত করার পর বাজারে বিক্রি করতেন তারা। বুধবার রাতে একটি গাড়িতে খেজুর বোঝাই করে বাগান থেকে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সজীব ও সুজনের মৃত্যু হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, পরিবারের পক্ষ থেকে আমাদেরকে অবহিত করা হয়নি। পরিবার যোগাযোগ করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। সরকারি বিধি-বিধান অনুযায়ী আর্থিক সহায়তার সুযোগ থাকলে তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তাও প্রদান করা হবে।