logo
Advertisement

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,নড়াইল
নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
মনি মিয়া। ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মনি মিয়া উপজেলার চর-জয়নগর গ্রামের বাসিন্দা ও জয়নগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নড়াগাতী থানার পানিপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পুঠিমারি বাজার থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মনি মিয়া। পথে পানিপাড়া গ্রামের কামরুল ঠাকুরের বাড়ির সামনে পৌঁছালে হামলাকারীরা তার গতিপথ রোধ করে। পরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। হামলায় মনি মিয়ার ডান পা হাঁটুর নিচ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা মনি মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

ওসি আরও বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে।