খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার

খুলনা মহানগরীর আলোচিত তাওহিদুল ইসলাম তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ খানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে নগরীর উত্তর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি ফোর্সেসের দাবি, আরিফ ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য।
গ্রেপ্তার আরিফ খানের বাবার নাম বেলাল খান। তার বাড়ি খুলনা সদর থানার টুটপাড়া এলাকার ফরিদ মোল্লার মোড়ে।
এসআরবি-৬ স্পেশাল কোম্পানির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর টুটপাড়া এলাকায় অভিযান চালায় তাদের একটি দল। তুষার হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আরিফকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর মোটরসাইকেলে করে পূর্ব বানিয়াখামার এলাকার বি কে মেইন রোড থেকে মিস্ত্রিপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন তাওহিদুল ইসলাম তুষার। আনসার উদ্দিন সড়কে আমিনুল ইসলামের অটোরিকশার গ্যারেজের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বুকের বাঁ পাঁজরের নিচে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম খান বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ থেকে ১৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে গুলির কার্তুজের অংশবিশেষ উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়।

