মোটরসাইকেল ফেলে পালান দুজন, মিলল পিস্তল ও ৫ কোটি টাকার আইস
-6914c8.jpg)
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে উপজেলার যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এ অভিযান চালায়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রাতে গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে আসা দুই আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। তবে টহল দলকে দেখে মোটরসাইকেলটি গতি কমিয়ে হঠাৎ ঘুরে দ্রুত তাইন্দংয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরবর্তীতে বিজিবির টহল দল দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করলে মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার দিকে ঢুকে পড়ে মোটরসাইকেলটি। বিজিবির ভাষ্য অনুযায়ী, বৃষ্টি, কাদা, অন্ধকার ও সরু রাস্তার সুযোগ নিয়ে দুই আরোহী রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালান। এ সময় বাইকটির সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়ে যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। খাগড়াছড়িতে এবারই প্রথম ক্রিস্টাল আইস উদ্ধার করা হলো। সীমান্ত ও সীমান্তবর্তী অঞ্চলে অস্ত্র ও মাদকের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



