রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসক লাঞ্ছিত, দিনাজপুর মেডিকেলে ইন্টার্নদের কর্মবিরতি

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন।
সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ করে এবং জরুরী বিভাগের প্রধান গেইটে তালা দিয়ে কর্মবিরতি পালন করেন তারা।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২ টার দিকে দিনাজপুর শহরের লালবাগ এলাকার আব্দুস সামাদ বুকে ব্যাথা নিয়ে হাসপাতালের সিসিইউ-২ ইউনিটে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে রোগীর স্বজনরা ভিড়ড় করে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন।
এক পর্যায়ে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটির জেরে ধাক্কাধাক্কি ও চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত সাড়ে ৩ টার দিকে রোগীর স্বজনরা আব্দুস সামাদের মরদেহ বাড়িতে নিয়ে যায়।
হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান জানান, প্রথম থেকেই রোগীর অবস্থা ভালো ছিল না। পরে চিকিৎসাধীন অবস্থায় রোগী মারা যায়। এরপর রোগীর স্বজনরা আমাদের চিকিৎসকের গায়ে হাত দেয়। চিকিৎসক ও স্টাফদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ভয়ভীতি প্রদর্শন করে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী জানান, ঘটনার পর একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।