মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে খাদে

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি মালবাহী ট্রাক উল্টে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মিঞার বাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মহাসড়ক দিয়ে চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে ট্রাকটির ক্ষয়ক্ষতি হলেও চালক ও হেলপার অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে ধীরগতি দেখা দেয়। ২০ মিনিট পরে যান চলাচল স্বাভাবিক হয়।
চৌদ্দগ্রাম মিঞার বাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন এশিয়া পোস্টকে জানান, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে ট্রাকটি সরানোর ব্যবস্থা নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।