logo

মদের বোতল সামনে রেখে প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল

মদের বোতল সামনে রেখে প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল
মদের বোতল সামনে রেখে প্রধান শিক্ষকের নাচ। ছবি : ভিডিও থেকে নেওয়া

টেবিলের ওপর মদের বোতল, গায়ে স্যান্ডো গেঞ্জি—গানের তালে তালে নাচছেন এক ব্যক্তি। ভিডিওতে দেখা ওই ব্যক্তিকে সাভারের আশুলিয়ার শ্রীখন্ডিয়া মোল্লা মার্কেট এলাকার সালেহা ইদ্রিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানোয়ার হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তে দেখা যায়।

ছড়িয়ে পড়া ভিডিওতে হলুদ দেয়ালঘেরা একটি কক্ষে স্যান্ডো গেঞ্জি পরা এক ব্যক্তিকে নাচতে দেখা যায়। তার সামনের টেবিলে একটি বোতল রাখা রয়েছে। একই কক্ষে লুঙ্গি ও ফতুয়া পরা আরেকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকেও নাচতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দা রুবেল সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে শিক্ষকের কাছে এলাকার শিশুরা নীতিশিক্ষা নেবে, তিনি যদি মদের বোতল সামনে রেখে এভাবে নাচেন, তাহলে কোমলমতি শিশুরা সমাজ থেকে কী শিখবে? এতে পুরো শিক্ষকসমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

স্থানীয় আরেক অভিভাবক সুজন আহমেদ লিপু বলেন, ‘ভিডিওটি দেখার পর ভেবেছি, একজন প্রধান শিক্ষক কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন। বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর উপযুক্ত তদন্ত ও শাস্তি চাই।’

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. সানোয়ার হোসেন দাবি করেন, ভিডিওটি প্রায় ছয় মাস আগের। তার ভাষ্য, সেটি মদের আসরের ভিডিও নয়। ঘরের ভেতরে তিনি ও তার এক বয়োজ্যেষ্ঠ আত্মীয়, যাকে তিনি ‘দাদা’ বলে ডাকেন, মজা করে নাচছিলেন।

তার দাবি, কে বা কারা সামনে একটি মদের বোতল রেখে ভিডিওটি ধারণ করে ছড়িয়ে দিয়েছেন। সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এ বিষয়ে সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, তিনি এখনও ভিডিওটি দেখেননি। তবে বিদ্যালয়টির গুরুত্ব বিবেচনায় বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।