logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে এগোচ্ছিলেন, থেমে গেল পথচলা

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে এগোচ্ছিলেন, থেমে গেল পথচলা
মিফতাহুল জান্নাত। ছবি : পরিবারের সৌজন্যে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মিফতাহুল জান্নাত এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন এবং স্নাতকে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের মৃত আনিসুজ্জামান ও রিজিয়া বেগমের মেয়ে। এসএসসি পরীক্ষার পর থেকে তিনি আনোয়ারা উপজেলার উত্তর চাতরী এলাকার নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, একাডেমিক কাগজপত্র সংগ্রহের উদ্দেশ্যে গত ১৭ নভেম্বর সকালে নানাবাড়ি থেকে কলেজের পথে রওনা হন মিফতাহুল। বাড়ি ছাড়ার প্রায় পাঁচ মিনিটের মাথায় আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে পিএবি সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সড়কের এক পাশ পার হয়ে বিভাজকে দাঁড়ানোর পর অন্য পাশে পা রাখলে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

মিফতাহুলের মামা হারুনুর রশীদ জানান, সোমবার (২৩ নভেম্বর) বিকেলে আসরের নামাজের পর পটিয়ায় নিজ গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, সড়ক দুর্ঘটনায় ওই ছাত্রী আহত হওয়ার ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট