মেঘনায় ধরা পড়ল ১৭ কেজির কাতল

ভোলার মেঘনা নদীতে জেলের জালে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি ভোলার ইলিশা মাছঘাটে ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ভোরে হানিফ মাঝির জালে কাতল মাছটি ধরা পড়ে। পরে সকালে মাছটি ইলিশা মাছঘাটে এনে নিলামে তোলা হয়। এসময় সর্বচ্চো দাম হাঁকিয়ে মাছটি কেনেন ইলিশা ঘাট আড়ৎদার মো. জামাল ব্যাপারী। তিনি ১৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজি বলেন, মেঘনা নদী আমাদের মৎস্যসম্পদের এক বিশাল ভান্ডার। প্রজনন মৌসুমে মাছকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ এবং ছোট মাছকে বড় হওয়ার সময় দিতে পারলে নদীতে এমন বড় মাছের প্রাচুর্য আরও বাড়বে। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং মাছের প্রজনন ও বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে হবে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকায় জেলেরা এখন এর সুফল পেতে শুরু করেছেন। এরই মধ্যে জেলেদের জালে বড় আকারের পাঙ্গাস, ইলিশসহ কাতল মাছ ধরা পড়ছে। ভবিষ্যতেও জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলবেন বলে আশা করছি। এতে নদীতে মাছের উৎপাদন বাড়বে এবং জেলেরা আরও বেশি মাছ আহরণ করতে পারবেন।