বগুড়ায় নিজ বাড়ি থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ি থেকে টুলু মিয়া নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। তার দুই মেয়ে জেমি ও জুথি আক্তার বিবাহিত। তিনি নিজ বাড়িতে একাই থাকতেন। তবে কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে ছিলেন।
তার ছোট মেয়ে জুথি আক্তারের ধারণা, অসুস্থতাজনিত অবসাদ থেকে তিনি নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করে থাকতে পারেন। তবে এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত নয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি বঁটি উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।