কুড়িগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

কুড়িগ্রামের চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের ৮১ মিটার সেতু-সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় নিরাশা (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) চিলমারী উপজেলার তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরাশা উলিপুর উপজেলার মাঝিপাড়া উত্তর আঠারো পাইকা মন্ডলের হাট এলাকার বাসিন্দা পেমান্দ দাশ পরবারের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রোববার সকালে মাছ কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে সুন্দরগঞ্জের হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন নিরাশা। পথে চিলমারী-হরিপুর সড়কের ৮১ মিটার সেতু-সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।