শরণখোলায় ধানক্ষেত থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটের শরণখোলা উপজেলার লাকুড়তলা গ্রামের একটি ধানক্ষেত থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) নিষিদ্ধ চায়না দুয়ারি জালে আটকে থাকা অজগরটি উদ্ধার করেন স্থানীয় সাপুড়ে শামছু তালুকদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের কৃষক মিলন তালুকদার আগের দিন বিকেলে মাছ ধরার উদ্দেশ্যে তার ধানক্ষেতে একটি চায়না দুয়ারি জাল পেতে রাখেন। শুক্রবার সকালে জাল তুলতে গিয়ে তিনি দেখতে পান, একটি বিশাল অজগর সাপ জালে আটকে রয়েছে। পরে তিনি স্থানীয় সাপুড়ে শামছু তালুকদারকে খবর দিলে তিনি বৃষ্টির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে অজগরটি উদ্ধার করেন। পরে উদ্ধার করা সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সেটিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, ধানক্ষেতে পেতে রাখা নিষিদ্ধ চায়না দুয়ারি জালে অজগরটি আটকা পড়েছিল। উদ্ধারকারীরা সাপটি আমাদের কাছে নিয়ে আসার পর সেটিকে রেঞ্জ অফিসসংলগ্ন সুন্দরবনের বনে অবমুক্ত করা হয়েছে। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ৭ থেকে ৮ কেজি হবে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং বন বিভাগকে দ্রুত খবর দিলে এ ধরনের প্রাণী নিরাপদে উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া সম্ভব।




