অতিরিক্ত দামে পোশাক বিক্রি, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরে অতিরিক্ত দামে পোশাক বিক্রি করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে শহরের হাকিম প্লাজা, সরদার প্লাজা ও কোর্ট স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, বিদেশি প্রসাধনী আমদানিকারকের স্টিকার না থাকায় আরিশা স্টোর মালিককে ৫ হাজার টাকা, একই অপরাধে অরবিন্দ মার্ট মালিককে ৫ হাজার টাকা, পোশাকে দ্বিগুণের বেশি লাভ করার প্রমাণ পাওয়ায় নিউ কটন ক্লাব মালিককে ৩ হাজার টাকা এবং পণ্যে ক্রয়ের রসিদ না থাকায় ও বেশি লাভ করায় এবি কালেকশন মালিককে ৩ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আব্দুল্লাহ আল ইমরান জানানা, আগামী তিন দিনের মধ্যে বেশি লাভ করা প্রতিষ্ঠানগুলোকে পণ্যের মূল্য সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, সদর স্বাস্থ্য পরিদর্শক নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতায় ছিলেন।