logo
Advertisement

জানালা দিয়ে পানি চেয়ে দুই শিশুর কান্না, ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
জানালা দিয়ে পানি চেয়ে দুই শিশুর কান্না, ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছবি: এশিয়া পোস্ট

জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ফ্ল্যাট থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে।

Advertisement

রোববার (২৩ আগস্ট) সকালে জেলা শহরের শেখের ভিটা রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম ইশরাত জাহান। তার স্বামী কাউসার আহাম্মেদ শাওন। তাদের ১০ বছর বয়সি একটি মেয়ে ও ৫ বছর বয়সি একটি ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, সকাল থেকে ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইতে থাকে। তাদের কান্নাকাটি শুনে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে ভবনের মালিকপক্ষকে বিষয়টি জানানো হলে ফ্ল্যাটটির মূল দরজায় বাইরে থেকে তালা লাগানো পাওয়া যায়। একপর্যায়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করা হয়।

পরে ফ্ল্যাটের একটি কক্ষে এক নারীর নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। জরুরি সেবা ৯৯৯ এ জানানো হয় পুলিশকে। খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহত নারীর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দা মৌসুমী আক্তার বলেন, জানালা দিয়ে বাচ্চা দুটি পানি চাচ্ছিল। স্থানীয়রা গিয়ে তালা ভেঙে তাদের বের করে আনে। ভেতরে ঢুকে এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

বিষয় :