রাজশাহীতে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর শাহমখদুম থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সাব্বির (২১) পবার রাইসমিলপাড়া এলাকার শাহিন ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই মহল্লার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) পূর্ববিরোধের জেরে সাব্বিরকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাতের পর সাব্বিরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাসনের মা শিরিন বেগম তার আধাকাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেন। জমি বিক্রিকে কেন্দ্র করে জাসন ক্ষুব্ধ ছিলেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি শাহিন ইসলামকে মারধর করেন। এরপর বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে পেয়ে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত জাসন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযুক্ত জাসন পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।