Advertisement

চুরির ঘটনা ফাঁসের শঙ্কায় শিশু রাজুকে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
চুরির ঘটনা ফাঁসের শঙ্কায় শিশু রাজুকে হত্যা
শিশু রাজু হোসেননের মরদেহ উদ্ধার। ছবি: এশিয়া পোস্ট

বগুড়ার শেরপুরে চুরি করা ইজিবাইকের ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় ১১ বছর বয়সী শিশু রাজু হোসেনকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তাড়াশ গাবরগাড়ী এলাকা থেকে রাজুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজু বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের রোরোয়া গ্রামের আলম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট দুপুর ১টার দিকে ব্যাটারিচালিত একটি ইজিবাইকসহ নিখোঁজ হয় রাজু। পরে তার বাবা আলম মিয়া শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীনের নেতৃত্বে পুলিশের একাধিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ২২ ঘণ্টাব্যাপী অভিযান চালায়। অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকা থেকে প্রতিবেশী মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শেরপুরের মির্জাপুর রানীরহাট মোড় এলাকার ভাঙারি ও চোরাই ইজিবাইক ক্রয়-বিক্রয় ব্যবসায়ী করিমকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে করিমের হেফাজত থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাকিম ও করিম জানিয়েছেন, কৌশলে রাজুকে ইজিবাইকসহ মির্জাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে করিমের কাছে ইজিবাইকটি বিক্রি করা হয়। পরে করিম পরামর্শ দেন, রাজু বিষয়টি জানিয়ে দিলে তারা ধরা পড়ে যেতে পারেন। এরপর দুজন মিলে রাজুকে হত্যা করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রায়গঞ্জ উপজেলার তাড়াশ গাবরগাড়ী এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।

বিষয় :