Advertisement

চট্টগ্রামে যুবদল নেতাকে মাথায় গুলি করে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
চট্টগ্রামে যুবদল নেতাকে মাথায় গুলি করে হত্যা
মাকসুদুল হক চৌধুরী মাসুদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য যুবদলের এক নেতাকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Advertisement

শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে ও রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতাগী ইউনিয়ন থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে পাহাড়তলী চৌমুহনী এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে গুলিতে মাথা ছিন্নভিন্ন হয়ে যাওয়া তার লাশের একটি বীভৎস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসীর ধারণা, এলাকায় বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও দীর্ঘদিনের ব্যবসায়িক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ছাড়া আসন্ন নির্বাচনে তার চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়টিও রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতার কারণ হতে পারে বলে অনেকেই মনে করছেন। প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে রাউজান থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, যুবদল নেতাকে গুলি করে হত্যার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি এবং লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।