logo

যশোরে পার্কিং করা দুটি বাসে আগুন

যশোরে পার্কিং করা দুটি বাসে আগুন

যশোরে পার্কিং করা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মেহগনিতলা বাসিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। 

বাসের মালিক আবু বক্কর সিদ্দিকী বেলাল জানান, বাস দুটি বিভিন্ন স্কুলকে ভাড়া দিয়ে থাকেন। দুই মাস ধরে বাসগুলো বাসিয়াপাড়ার একটি ফাঁকা জায়গায় রাখা ছিল।

শুক্রবার গভীর রাতে স্থানীয় বাসিন্দারা খবর দিলে তিনি গিয়ে দেখেন, বাসে  আগুন জ্বলছে। খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তারাও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

কিন্তু তার আগেই আগুনে একটি বাস ভস্মীভূত হয়ে যায়। আরেকটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আবু বক্কার সিদ্দিক বেলাল নওয়াপাড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য। অগ্নিকাণ্ডের ঘটনায় তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।