logo

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। একই দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ১১ মাইল মহিশাডাঙ্গা এলাকায় খাবারবাড়ি হাইওয়ে রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি পিকআপে পাঁচটি ঘোড়া বহন করা হচ্ছিল। পথে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি অজ্ঞাত ট্রাকের পেছনে গিয়ে পিকআপটি সজোরে ধাক্কা দেয়।

এতে পিকআপের যাত্রী নড়াইল সদর উপজেলার বাঙ্গালীপাড়া এলাকার সিফায়েত হোসেন (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় বিকাশ (৪৫) নামে আরেক যাত্রীকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুর্ঘটনায় আহত হয়েছেন পিকআপচালক নাজমুল (৩৭), তামিম (১৪) ও জিয়া (৪৫)। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনাকবলিত পিকআপটি থানার হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।