logo

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই মারা গেল নারী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই মারা গেল নারী
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড। ছবি: এশিয়া পোস্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে সুলতানা রা‌জিয়া (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ৩২ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ জন ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ১১৫ জন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এই তথ্য জানিয়েছেন। মারা যাওয়া সুলতানা রা‌জিয়া ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্ব‌দিয়া গ্রামের হা‌সিম উদ্দিনের স্রী।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন সুলতানা রা‌জিয়া। ডেঙ্গু শক সিনড্রোমের কারণে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে যে ১১৫ জন ভর্তি আছে তাদের মধ্যে পুরুষ ৭৪ জন, নারী ৩৩ জন ও শিশু রয়েছে ৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে ছুটি দেওয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ৩ হাজার ৭৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে যে ৩২ জন মারা গেছেন, তাদের মধ্যে ফেব্রুয়ারিতে একজন, জুনে তিনজন, জুলাইয়ে দুইজন, আগস্টে চার জন, সেপ্টেম্বরে ১৩ জন এবং অক্টোবরের ১৪ তারিখ পর্যন্ত ৯ জনের জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, সব রোগীদের সুস্থ করতে চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে ডেঙ্গু মোকাবিলায় সবাইকেই সচেতন থাকতে হবে।