logo

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে তরুণের জেল

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে তরুণের জেল

বরিশালের উজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ১৯ বছর বয়সি এক তরুণকে জেলে পাঠানো হয়েছে। তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ওই তরুণ উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই তরুণ অন্য পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) অংশ নিতে গেলে কর্তৃপক্ষের সন্দেহ হয়। যাচাই-বাছাই শেষে তাকে আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯) এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ এক হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল বলেন, পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই বরদাশত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।