নারায়ণগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (১ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। ঘাটটির মালিক কাজল ঘোষ নামে এক ব্যবসায়ী।
রোববার সন্ধ্যা ৬টার দিকে ক্রেন চালক আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এ সময় ক্রেনের নিচে কাজ করছিলেন তিন জন শ্রমিক। ওই সময় নিচে কাজ করার সময় ক্রেনের তার ছিঁড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলেই আলামিন নামে একজন সঙ্গে সঙ্গেই নিহত হয়। এ সময় আরেক আলামিনকে অন্য শ্রমিকরা হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। এ ঘটনায় মিশু, নামে আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার তারাজ থানার নৌখাদা এলাকার রতন মিয়া ছেলে আলামিন (৩২) ও একই থানার নাদোর সহিদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া (২৬)।
ঘাটটির সরদার, মোহাম্মদ ওমর ফারুক বলেন, ক্রেনের গ্রাফ পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছে। আমি তাদের সঙ্গে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এ সময় রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই সাদেকুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে এসে শুনেছি ক্রেনের তার ছিঁড়ে দুইজন নিহত হয়েছে। বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবজেল হোসেন এশিয়া পোস্টকে বলেন, আমি ঘটনাটি আপনাদের মাধ্যমেই জানতে পারি, তবে তখন ঘটনাটি জানতে পেরে আমাদের ইমারজেন্সি পুলিশের একটি টিম সেখানে যায়, কিন্তু ততক্ষণে সেইখান থেকে লোকজন তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, মৃত্যুর খবরটি নিশ্চিত কিনা আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে, আপনাদের বিস্তারিত জানানো হবে।