logo

সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টার সমুচিত জবাব দেবে জনগণ: দুলু 

সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টার সমুচিত জবাব দেবে জনগণ: দুলু 

বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই বাহিনীকে নিয়ে যারা বিতর্কিত করার চেষ্টা করবে, দেশের জনগণ তাদের সমুচিত জবাব দেবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর শহরের উপশহর মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনা করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কোনো সাধারণ নাগরিকের পক্ষে ক্যান্টনমেন্টে অস্ত্র নিয়ে প্রবেশ করা কখনোই বৈধ নয়। সেখানে বৈধ বা অবৈধ কোনো ধরনের অস্ত্র নিয়ে ঢোকার সুযোগ নেই। অথচ একজন প্রার্থী সেই চেষ্টা করেছেন, যা অত্যন্ত দুঃখজনক।

দুলু বলেন, যারা এমপি হওয়ার আগেই অস্ত্র নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে চায়, তারা ক্ষমতায় গেলে কী ধরনের আচরণ করতে পারে তা সহজেই অনুমেয়। এ ধরনের কর্মকাণ্ড দেশের নিরাপত্তা ও গণতন্ত্রের জন্য হুমকি।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সেনাবাহিনীর দায়িত্ব পালনে বাধা সৃষ্টি বা তাদের নিয়ে বিতর্ক তৈরির কোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাসিম খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।